নিজস্ব প্রতিবেদক, গাজীপুরগাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশের সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এম কাজল খানের অভিযোগ, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নয়ন নামে একজনসহ কয়েকজন ছিলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার ওপর এ হামলা চালানো হয়েছে।
হামলার পর এম কাজল খান বাসন মেট্রো থানায় গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এদিকে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ভীতি ও হামলামুক্ত পরিবেশে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
সাংবাদিক নেতারা মনে করেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাই এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।