মোঃ দেলোয়ার হোসেনমহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।
আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের মূলধারায় মর্যাদার সঙ্গে বসবাস ও বিকশিত হওয়ার সুযোগ পাবে।
তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল প্রতিষ্ঠা করা হবে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, সাভারে ১২ একর জমির ওপর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি আধুনিক অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ চলমান রয়েছে। সেখানে তাদের প্রশিক্ষণ, ক্রীড়া এবং দক্ষতা বিকাশের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে।
তিনি প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান প্রদানকারীদের জন্য কর রেয়াত (ট্যাক্স রিবেট) সুবিধার বিষয়টি উল্লেখ করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এসব শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজে মানবিক দৃষ্টিভঙ্গি ও সচেতনতা গড়ে তুলতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “এটি কোনো যান্ত্রিক বিষয় নয়, এটি একটি মানবিক বিষয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আরও সহজে সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারবে।”
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের পরিবেশনায় একক ও দলীয় গান, নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
উল্লেখ্য, এটিএন নিউজ প্রায় এক দশক ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘পাওয়ার প্যারেন্টস’ অনুষ্ঠানটি প্রচার করে আসছে। এর ধারাবাহিকতায় এ বছর বিশেষ চাহিদাসম্পন্ন ছয়জন শিশুর অভিভাবক এবং এ খাতে উল্লেখযোগ্য অবদান রাখা একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলাকুশলী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং তাদের অভিভাবকবৃন্দ।