ডিজিটাল ডেক্সআন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করার লক্ষ্যে “ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ” এর তাৎপর্য ও গুরুত্ব বিষয়ে এক সচেতনতামূলক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ ঢাকার সাভারে ব্র্যাক সিডিএম অডিটোরিয়ামে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় তিনি বলেন, “সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রম নীতি প্রণয়ন ও মালিক-শ্রমিক সমন্বয় জোরদার করা সম্ভব। এই কর্মশালা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
কর্মশালাটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং সুইডেনের অর্থায়নে অনুষ্ঠিত হয়। এতে ৩০ জনেরও বেশি সদস্য অংশগ্রহণ করেন এবং আইটিসি-আইএলওর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দ্বারা কারিগরি সেশন পরিচালিত হয়।
শ্রম সচিব আরও বলেন, এই উদ্যোগ জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (NTCC), তৈরি পোশাক খাতের পরামর্শদাতা পরিষদ (RMG-TCC) এবং ন্যূনতম মজুরি বোর্ডের (BMWB) সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
আইএলও’র প্রোগ্রাম ম্যানেজার নীরন রামজুথান বলেন, “বাংলাদেশে শ্রম শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে সংলাপের সংস্কৃতি অপরিহার্য।”
বিকেএমইএ পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন নিয়োগকর্তাদের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন, অন্যদিকে জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ শ্রমিকদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
কর্মশালায় শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি আইএলও ও বিভিন্ন আন্তর্জাতিক অংশীদার, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।