মোঃ সাহাদৎ হোসেন আসিফ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, রাষ্ট্র কখনোই এই শহিদদের আত্মত্যাগ ভুলবে না।
আজ সকালে তিনি নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শহিদ শিশু রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমা ফেরদৌস, নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জুলাই কন্যারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা শারমিদ বলেন, “সরকার জুলাই মাসব্যাপী শহিদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নিচ্ছে এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। শহিদদের পরিবারগুলো রাষ্ট্রের পূর্ণ সহযোগিতা পাবে এবং জাতিও তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “দেশের নারী ও শিশুদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার জন্য সমাজ পুনর্গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।”
পরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিদ্ধিরগঞ্জে শহিদ নারী সুমাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সহানুভূতি ও সমর্থনের আশ্বাস দেন।