মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ শহরের জোড়বাগান এলাকায় দুই শতাধিক পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
‘উচ্ছেদ বন্ধ চাই, আবাসন পূর্ণবাসন চাই’— এ দাবিতে আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচির আয়োজন করে জোড়বাগানের ভুক্তভোগী পরিবারগুলো।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন। বক্তব্য রাখেন ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেরাজুল ইসলাম জার্জিস, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদিউল হক রঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছি। ভূমিদস্যুরা প্রভাব খাটিয়ে প্রশাসনের সহায়তায় আমাদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। আমরা কোথায় যাবো? সরকার যদি সত্যিই উচ্ছেদ করতে চায়, তবে আগে বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে।”
তারা আরও বলেন, “উচ্ছেদ নয়, পূর্ণবাসন চাই। ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।