লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এজিএস কাশেমসহ ছয়জন আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লামচর ইউনিয়নের বেড়িবাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি মাদরাসায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর এ সংঘর্ষ হয়। বিজয়ী সভাপতি জাফর আহম্মদ পাটোয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সমর্থকদের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
গুরুতর আহত এজিএস কাশেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ও সাবেক সহসভাপতি সাহাব উদ্দিন তুর্কী এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের ঘটনা দুঃখজনক। ফলাফল ঘোষণার পর সহিংসতা দলকে বিভক্ত করবে।”
উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বলেন, “এজিএস কাশেমকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থীর সমর্থকরাই এ ঘটনার সঙ্গে জড়িত।”
কেন্দ্রীয় ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বলেন, “এ ঘটনায় আমরা লজ্জিত। এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী জানান, “হামলার খবর আমরা পেয়েছি। তবে এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”