নীলফামারী প্রতিনিধিশতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন নীলফামারীর ২৫ জন প্রার্থী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
পুলিশ সুপার এবং টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি এ.এফ.এম. তারিক হোসেন খাঁন লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার সুযোগ তাদের কাজে লাগাতে হবে।
নিয়োগ কার্যক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হওয়ায় অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান এবং লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ.কে.এম. ফজলুল হক।
জেলা পুলিশ সূত্র জানায়, এ নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা সুপারিশ ছাড়াই কেবল মেধা ও যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।