মোঃ উজ্জল সরকার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র বাবুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হরিদাস চন্দ্র বাবু। তিনি অভিযোগ করেন, ২০২২ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে র্যাবের মাধ্যমে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। মাত্র ১৩ দিনের মধ্যে আদালত তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেন।
তিনি আরও বলেন, বর্তমানে কিছু ভুয়া সাংবাদিক ও বিভিন্ন পরিচয়ধারী ব্যক্তিরা ব্যক্তিস্বার্থে তাঁর সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এটি ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তিনি।
হরিদাস চন্দ্র বাবু সংবাদ সম্মেলনে এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।