মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট পূর্বনির্ধারিত খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় খোলাহাটী ইউনিয়নের কদমতলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্ধারিত স্থানে ইনস্টিটিউটটি স্থাপন হলে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে। পাশাপাশি টিটিসির পাশে থাকায় শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করার বাড়তি সুযোগও পাবেন। বক্তারা দ্রুত কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন যে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এতে বক্তব্য রাখেন খোলাহাটী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, গাইবান্ধা সদর যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, পরিচালক আলী কায়সার বাবুল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি রুম্মান ফেরদৌসসহ স্থানীয় নেতৃবৃন্দ।