নিজস্ব প্রতিনিধিবাংলাদেশে ফিরেই রেললাইনে মাথা দিয়ে মো. আবুল বাশার ওরফে দুলাল নামে এক কাতার প্রবাসী ‘আত্মহত্যা’ করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি। নিহত দুলাল জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর সাওপুর গ্রামের হাজী নুকুল বেপারী বাড়ির আব্দুল মালেকের ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, বিভিন্ন মেয়াদে দুলাল গত ২৪ বছর কাতার ছিলেন। গত ৪ মাস আগে তিনি দেশ থেকে কাতার যান। সোমবার সকাল সোয়া ৭টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে তিনি বাংলাদেশে ফিরেন। এরপর একুশে পরিবহনের একটি বাসে করে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তায় আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন। এ সময় কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী গ্রামী সমতট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
প্রদীপ কুমার মজুমদার বলেন, “মরদেহ বেগমগঞ্জ চৌমুহনী রেলওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।”