Desktopগাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার বিষয়টি এখনও ইসরায়েলের আলোচ্যসূচিতে রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সাক্ষাৎকারে নেতানিয়াহুকে তার ডানপন্থী জোটের প্রধান দুটি দাবি নিয়ে প্রশ্ন করা হয়। প্রথমটি হলো— গাজা থেকে ২০ লাখ ফিলিস্তিনিকে বিতাড়ন করা। আর দ্বিতীয়টি হলো— সেখানে নতুন করে অবৈধ বসতি স্থাপন করা।
প্রথম প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় দেশত্যাগ’ বা গাজা ছাড়ার বিষয়টি এখনও তাদের এজেন্ডা বা মূল পরিকল্পনায় রয়েছে। আর গাজায় অবৈধ বসতি স্থাপনের বিষয়ে তিনি এড়িয়ে গিয়ে বলেন, ‘প্রশ্ন হলো আপনি কি কাজ করতে পছন্দ করেন, নাকি শুধু কথা বলতে চান। তবে হ্যাঁ, আমি এ বিষয়ে কথা বলতে চাই না।’
এদিকে, সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, নেতানিয়াহুর এই ‘স্বেচ্ছায় দেশত্যাগ’ কথাটি মূলত গাজায় জাতিগত নিধন চালানোরই একটি সুন্দর নাম। ইসরায়েলের ভয়াবহ ও ধ্বংসাত্মক যুদ্ধের পর গাজা এখন একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই নেতানিয়াহু একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় ফিলিস্তিন ও ইসরায়েল নামে ‘দুটি রাষ্ট্রের কোনো জায়গা নেই’। এর পরপরই তার ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নের এই নতুন মন্তব্য সামনে আসলো।