নিজস্ব প্রতিবেদকঅন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’কে কোন যুক্তিতে পুনরায় প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন,
“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?”
তিনি আরও লেখেন,
“বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর চলতি বছরের ১২ মে সরকার এক প্রজ্ঞাপনে ঘোষণা দেয়, আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন।
এরপর থেকে ‘নৌকা’ প্রতীকটিও নিষিদ্ধ তালিকাভুক্ত ছিল। তবে সম্প্রতি নির্বাচন কমিশন ‘নৌকা’ মার্কা পুনরায় শিডিউলভুক্ত করার জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।