নিজস্ব প্রতিনিধিকনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে এ ঘটনা ঘটে। হিরো আলমের স্ত্রী রিয়া মনি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলে এসে বেশ কয়েকজন তরুণ তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ডিএমপির বাড্ডা জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাঁর ওপর হামলার ঘটনা শুনেছি। তবে ঘটনাটি আফতাবনগর নাকি বনশ্রী ফারাক্কানগর সীমানায় তা সঠিক জানা যায়নি। এ ঘটনায় পরিবার বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগও দিতে আসেনি।
পুলিশের এই কর্মকর্তা রাত পৌনে ১২টায় জানান, আহত হওয়ার পর প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছোটখাটো অপারেশন শেষে কিছুক্ষণ আগেই হাসপাতাল ছেড়েছেন।